আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়ে গেলেও লক্ষ্যমাত্রার অর্ধেক জমিও এখন পর্যন্ত বুঝে পায়নি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফলে ৬ বছর আগে শুরু হওয়া ৩৫ কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ প্রায় বন্ধ হয়ে আছে।
২০১৯-২০ অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পে ৯৫ হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা ছিল। অথচ মাত্র ৪৯ হেক্টর জমি অধিগ্রহণ করতেই বরাদ্দের প্রায় সবটুকু অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে হাতে আছে মাত্র ১ কোটি ৩৯ লাখ টাকা, যেখানে বাকি ৪৬ হেক্টর জমি পেতে প্রয়োজন আরও অন্তত ৩০০ কোটি টাকা।
অধিগ্রহণের গেরোয় পড়ে বিপাকে পড়েছেন স্থানীয় জমির মালিকেরা। পাঁচ বছর আগে নোটিশ পেলেও তারা ক্ষতিপূরণ পাননি, আবার বসতভিটা বা দোকানঘর মেরামত কিংবা বিক্রিও করতে পারছেন না। ভেদরগঞ্জ ও সদর উপজেলার অনেক পরিবার জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের দর অনুযায়ী নির্মাণব্যয় ধরা হলেও বর্তমানে উপকরণের দাম ৩০-৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে পুরনো দরে কাজ করতে আগ্রহ হারাচ্ছেন ঠিকাদাররা। পরিস্থিতি সামাল দিতে এখন পুরো ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধনের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সওজ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন স্বীকার করেছেন যে, জমি অধিগ্রহণের অর্থ শেষ হয়ে যাওয়ায় কাজ স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ে আলোচনার পর এই সংকটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments