আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।
২১ মে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোতাইতের পরিবারের সাথে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এসময় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবুল কাশেম। স্থানীয়রা আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান বলেন, ‘আবুল কাশেম আমাদের কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবি জানাই।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, ‘জমি সংক্রন্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments