আজকের শরীয়তপুর প্রতিবেদক:
দৈনিক যুগান্তরের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাকিল আহম্মেদের ওপর পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের গাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটির চার লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়। শরীয়তপুর-২ আসনের এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম কাজের উদ্বোধন করেন।
পরবর্তী সময় ওই মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। বিষয়টি জানার পর মহাসড়কের দুই পাশে অস্থায়ী অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য বৃহস্পতিবার সরোজমিনে উপস্থিত হন সাংবাদিক শাকিল।
এ সময় সাংবাদিক শাকিলের ওপর হামলা করে সন্ত্রাসী দালাল চক্র। ঘটনার প্রত্যক্ষদর্শী সজিব মাহামুদ জানান, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহা সড়কের ভূমি অধিগ্রহণকে পুঁজি করে অস্থায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি অর্থ আত্মসাতের খবর সংগ্রহের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি শাকিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনার ছবি তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী দালাল চক্রের হোতা আহমেদ আলী, মহিউদ্দিন ও পারভেজ শাকিলকে লাঠি ও শাবল দিয়ে হামলা চালায়।

ভিকটিম সাংবাদিক শাকিল আহম্মেদ বলেন, আমি সোর্স মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে অবৈধ স্থাপনার ছবি তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী ও দালাল চক্রের হোতা আহমেদ আলী, মহিউদ্দিন ও পারভেজ আমার ওপর লাঠি ও শাবল দিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় আমি প্রাণে বেঁচে যাই। প্রথমিক চিকিৎসা শেষে আমি থানায় অভিযোগ করেছি।
বিষয়টি জানতে আহমেদ আলী ও তার সহযোগীদের বার বার ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ প্রসঙ্গে লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments