আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে বিএনপির সংসদ সদস্য শফিকুর রহমান কিরন তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে নড়িয়া ও সখিপুরকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঘোষিত ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন ও নদীভাঙন রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রশিক্ষণ সম্প্রসারণ, নড়িয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। স্বাস্থ্যখাতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ, শয্যা সংখ্যা ১০০-তে উন্নীতকরণ, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে হাসপাতাল স্থাপন এবং গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি একটি আধুনিক নার্সিং কলেজ স্থাপনের ঘোষণাও দেওয়া হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নড়িয়া ব্রিজের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন, সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পদ্মা নদীর ওপর সেতু স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নড়িয়া ও সখিপুরবাসীকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এছাড়া পদ্মা নদীর তীরে কনটেইনার হ্যান্ডলিং টার্মিনাল ও রপ্তানিমুখী শিল্পাঞ্চল স্থাপন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের ঘোষণা দেন শফিকুর রহমান কিরন।
ইশতেহারের শেষাংশে তিনি বলেন, “জনগণের ভোট ও সমর্থন পেলে নড়িয়া–সখিপুরবাসীর অধিকার আদায়ে জাতীয় সংসদে তিনি দৃঢ় ভূমিকা রাখবেন।”
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments