আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধারসহ এক স্বামী–স্ত্রীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাকিম আলী মাদবর কান্দি গ্রামে অভিযান চালায় জাজিরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল। আটককৃতরা হলেন—মৃত লালমিয়া মাদবরের ছেলে সেকেন্দার মাদবর (৫২) ও তার স্ত্রী রানী আক্তার।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ১টি ইলেকট্রিক সিগারেট, ২টি কলকি, ১টি গাঁজা কাটার, ইয়াবা সেবনে ব্যবহৃত ১২টি বাঁশি, ১ পিস হরিণের কস্তুরী, ১ রোল ফুয়েল পেপার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, একটি মদের বোতল, ৩টি দা এবং নগদ ১০ হাজার ৩৭০ টাকা।
এ বিষয়ে জাজিরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে জাজিরার সেনেরচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও ভেদরগঞ্জ উপজেলার আর্মি ক্যাম্পের মেজর রাহাত কবির এর নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ভেদরগঞ্জ উপজেলার সূর্যদীঘল গ্রামের ৯নং ওয়ার্ডে অভিযান চালায় ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল। গ্রেফতারকৃত সোহেল দেওয়ানকে দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য ও নগদ অর্থ সহ ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ১০ পিস, ১টি এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি চাকু ও ৬টি ফয়েল পেপার।
এ বিষয়ে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রাহাত কবির বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments