আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নদী তীরের অবৈধ দখল উচ্ছেদ, কৃষি জমি রক্ষা, অবৈধ জাল আটক এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়েছে।
৭ জানুয়ারি বুধবার জেলার নড়িয়া, ভেদরগঞ্জ ও সদর উপজেলায় এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথক ০৪ টি অভিযান পরিচালিত হয়।
এসব অভিযানের মাধ্যমে নদী তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, কৃষি জমির বেআইনি মাটি কাটা বন্ধ, নদী থেকে অবৈধ জাল আটক এবং ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা হয়।

দিনব্যাপী নড়িয়া উপজেলার নড়িয়া মৌজার আওতায় গোডাউন ঘাট, নড়িয়া ব্রিজ ও তদসংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএর অধিগ্রহণকৃত জায়গা ও সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৫ টির মতো দোকান ও গোডাউন উচ্ছেদপূর্বক আনুমানিক প্রায় ০৩ একর জায়গা দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন, নড়িয়া এবং উপজেলা ভূমি অফিস, নড়িয়ার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী সহায়তা প্রদান করে।
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বেআইনিভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দুটি পৃথক মামলায় প্রত্যেককে ২ লক্ষ করে সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া একই উপজেলায় অবৈধ জাল আটকে অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত কম্বিং অপারেশন ২০২৬ এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ভেদরগঞ্জ ও উপজেলা মৎস্য অফিস, ভেদরগঞ্জ এর যৌথ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ জাল আটক করা হয়।

একই দিনে সদর উপজেলার মনোহর বাজার ও পালং বাজার এলাকায় কয়েকটি মিষ্টান্নের দোকান ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় মোট ১৮,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়া দোকান মালিকদের রান্নার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পণ্যের যথাযথ লেবেলিং নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাসহ শরীয়তপুর জেলার মানুষের কল্যাণে জেলা প্রশাসন শরীয়তপুর কর্তৃক এ ধরণের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments