শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁর দাফন করা হবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এরপর দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামও একই তথ্য জানান।

প্রেস উইং বিবৃতিতে জানায়, বুধবার আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে। সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতি মুফতি আব্দুল মালেক।

অপরদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ১৬টি দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা। তবে প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিএনপির চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে; যা রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিন সহ ১৬টির অধিক দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।

অপরদিকে দেশনেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা অটুট রাখার জন্য সবাইকে শৃঙ্খলা রক্ষা এবং জানাজা দাফন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব এ কথা বলেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ   শরীয়তপুরে আজ বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থী নিজ দলীয় ধানের শীষ …

কপি না করার জন্য ধন্যবাদ।